ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে রবিবার রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ থেকে ২৯ অক্টোবরের এ সফরে তার সঙ্গে থাকছেন স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ সরকারের একাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তা।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সফরসঙ্গীদের তালিকায় আরও যারা

এ ছাড়া প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খান। তাদের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের একটি দলও সফরে অংশ নেবে।

যেসব বিষয়ে আলোচনা হবে

চার দিনের এ সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশে জাপানের বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিশেষ করে মেট্রোরেলসহ বাংলাদেশে চলমান বড় অবকাঠামো প্রকল্পগুলোর নির্মাণ ব্যয় ও ঋণের সুদের হার কমানোর বিষয়টি আলোচনায় গুরুত্ব পেতে পারে। এ ছাড়া দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরির বিষয়েও আলোচনা হবে।

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যা থাকছে

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেবেন। এ ছাড়া সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক, শিল্প ও জ্বালানি স্থাপনা পরিদর্শন এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেওয়ার কর্মসূচি রয়েছে।