রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। আজ ভোর সাড়ে ৫টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে পার্ক করা থাকা অবস্থায় তার গাড়িটিতে এ হামলার ঘটনা ঘটে। এতে গাড়িটির পেছনের ডান পাশের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘটনার সময় শিল্পী আসিফ আকবরের গাড়িতে কেউ ছিলেন না, তাই বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মগবাজারে আসিফ আকবরের একটি ব্যক্তিগত কার্যালয় রয়েছে। ভোরের দিকে কে বা কারা গাড়িটি লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে।

ঘটনা প্রসঙ্গে আসিফ আকবর জানান, হামলার সময় তিনি মগবাজারের অফিসে বড় ছেলের সঙ্গে কথা বলছিলেন। তখন সিসি ক্যামেরায় কিছু অস্বাভাবিক বিষয় ধরা পড়ে। এরপর নিচে থাকা নিরাপত্তা কর্মীরা তাকে গুলির বিষয়টি জানায়। ঘটনার ৪-৫ মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। আসিফ আকবর বলেন, আমি বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করি, তবে এমন ঘটনা ঘটবে ভাবিনি। বর্তমানে পুলিশ তার বাসায় এসে তদন্ত করছে। কারো প্রতি নির্দিষ্ট কোনো সন্দেহ নেই জানিয়ে তিনি জানান, পুলিশ খুব তৎপর এবং তদন্তের মাধ্যমে আসল ঘটনা বেরিয়ে আসবে বলেই তার প্রত্যাশা। ৪/৫ মিনিটের মধ্যে তারা এসে হাজির হলে আমি নিচে নামি। আসিফ জানান, আমার বাসায় পুলিশের কর্মকর্তারা এসেছেন। তার পরপরই নিচ থেকে সিকিউরিটি এসে বলল গুলি চলার কথা। এরপর দেখলাম গাড়ির গ্লাসে গুলি লেগেছে। তারা তদন্ত করেই বের করবে মূল বিষয় কি।