কক্সবাজারের হিমছড়ি সৈকতে সাগরে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছেন তিন পর্যটক, আর নিখোঁজ রয়েছেন আরও দুজন। বুধবার বিকেল সাড় চারটার দিকে মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকত এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ঘুরতে আসা ১২ জনের একটি দলের পাঁচজন সাগরে নামলে বড় ঢেউয়ের ধাক্কায় ভেসে যান। পুলিশ ও লাইফগার্ড সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা ১২ জনের একটি দল হিমছড়ি সৈকতে বেড়াতে যায়।

দুর্ঘটনার পর লাইফগার্ডকর্মী ও স্থানীয় বাসিন্দারা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত সাগরে তল্লাশি অভিযান চালিয়েও নিখোঁজ অপর দুজনের কোনো সন্ধান পাওয়া যায়নি। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাণ হারানো তিন পর্যটকের পরিচয় এখনো বের করা যায়নি, তাদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।

ঝুঁকির বিষয়ে লাইফগার্ড সংস্থা সি-সেফের আঞ্চলিক পরিচালক ইমতিয়াজ আহমেদ জানান, বর্তমানে হিমছড়ি ও দরিয়ানগরসহ কক্সবাজার সৈকতের বিভিন্ন পয়েন্টে কমপক্ষে ২০টি বিপজ্জনক গুপ্তখাল তৈরি হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ স্থানে লাল নিশানা দিয়ে সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও অনেক পর্যটক তা না মেনে গোসলে নেমে বিপদে পড়ছেন।