আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২০ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগা বাজারে ঢাকা-রংপুর মহাসড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় লিখন (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বাবলু মহন্ত (৫৫) নামে অপর আর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (১৯ অক্টোবর), সোমবার রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিখন পীরগঞ্জ উপজেলার ৩ নম্বর বড়দরগা ইউনিয়নের ভগবানপুর সরকারপাড়া গ্রামের মুন্নাফের ছেলে। আহত বাবলু মহন্ত রংপুরের মিঠাপুকুর উপজেলার শান্তিপুর গ্রামের গণেশ চন্দ্র মহন্তের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে বড়দরগা বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় লিখন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় বাবলু মহন্ত গুরুতর আহত হলে তাঁকে প্রথমে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় প্রায় ৩০০ থেকে ৪০০ মানুষ বড়দরগা বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন। ব্যারিকেড দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেন। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ইন্সপেক্টর তদন্তসহ পুলিশের একাধিক মোবাইল টিম, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বড়দরগা হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তাঁরা উত্তেজিত জনতার সঙ্গে আলোচনা করেন। এ সময় বড়দরগা বাজারে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলে রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে অবরোধ তুলে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।