অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে গাড়িচাপায় গুরুতর আহত হয়েছেন পার্লামেন্ট সদস্য হেলেন হেইনস।
ওয়ানগারাট্টায় নিজের আঞ্চলিক কার্যালয়ের কাছে পার্কিং এলাকায় থাকাকালীন তাকে একটি চার চাকার গাড়ি সজোরে ধাক্কা দেয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে এবং পুরো বিষয়টি পরিকল্পিত কি না, তা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় অনুযায়ী, ঘটনার পরপরই সেখানে উপস্থিত এক পথচারী সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেন, পরে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি টারাওয়িঙ্গির বাসিন্দা এবং ঘটনার সময় তিনি একটি সাদা রঙের টয়োটা ল্যান্ড ক্রুজার চালাচ্ছিলেন। তল্লাশিতে গাড়িটির ভেতর থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গুরুতর সংকটজনক অবস্থায় হেইনসকে হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই ঘটনাকে ‘পরিকল্পিত কর্মকাণ্ড’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি নিশ্চিত করেছেন যে, এটি কোনো দুর্ঘটনা ছিল না। ঘটনার গুরুত্ব বিবেচনা করে সন্ত্রাসবাদ দমনবিষয়ক পুলিশ কর্মকর্তারাও তদন্ত প্রক্রিয়ায় সরাসরি যুক্ত হয়েছেন। সন্দেহভাজনকে দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হওয়ায় স্থানীয় পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। তিনি হেলেন হেইনসের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি তার পরিবার ও স্বজনদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশের নীতিনির্ধারণী পর্যায়ে এই ঘটনা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। তিনি বলেছেন, আমি হেলেনের জন্য প্রার্থনা করছি এবং তার পরিবার ও প্রিয়জনদের কথা ভাবছি।
বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেলর এই হামলাকে জাতির জন্য একটি শোকাবহ দিন হিসেবে অভিহিত করেছেন। তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, অস্ট্রেলিয়ায় রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বিশ্বাস করেন, হেলেন হেইনসের নির্বাচনী এলাকার মানুষ ও তার পরিবারের পাশে পুরো অস্ট্রেলিয়া রয়েছে। টেলর প্রধানমন্ত্রীর সাথে একমত পোষণ করে জানান, জনজীবনে সহিংসতার এই চর্চা অবশ্যই বন্ধ হতে হবে। এছাড়া ভিক্টোরিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী বেন ক্যারলও ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে বলেছেন, হেলেন হেইনস যাদের প্রতিনিধিত্ব করেন, সেই ওয়ানগারাট্টার জনগণের ওপরও এই হামলার প্রভাব মারাত্মক। হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কিছু জানা না গেলেও, পুলিশ ঘটনার গভীরে পৌঁছানোর জন্য কাজ চালিয়ে যাচ্ছে। টেলর বলেন, আমাদের দেশ এমন জায়গায় পরিণত হতে পারে না, যেখানে সহিংস হামলাকে স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নেয়া হয়।