নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তার ও একটি ধর্মীয় মাহফিলের আয়োজক কমিটিতে নাম থাকা না থাকা নিয়ে বিরোধের জের ধরে রিপন মিয়া (৪২) নামের স্থানীয় যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের পাইস্কা কুলি মার্কেট এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। নিহত রিপন পাইস্কা এলাকার বাসিন্দা শহিদুল্লাহ মিয়ার ছেলে এবং পেশায় ছিলেন কাঠ ব্যবসায়ী। তিনি ভোলাব ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রিপন মিয়ার ছেলে শাওন মিয়া বলেন, ৬ ও ৭ অক্টোবর পাইস্কা এলাকায় স্থানীয় যুবসমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিপন মিয়ার সঙ্গে স্থানীয় রিফাত কাজীর দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল।

সম্প্রতি এলাকায় আয়োজিত ওয়াজ মাহফিলের কমিটিতে রিপনের নাম থাকলেও রিফাত কাজী ও তাঁর সমর্থকদের নাম বাদ দেওয়া হয়। এই বিরোধের সূত্র ধরে রোববার রাত ১১টার দিকে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর প্রায় আধা ঘণ্টা পর রিফাত কাজীর নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একটি সশস্ত্র দল রামদা, ছুরি ও লোহা-স্টিলের পাইপ নিয়ে রিপন মিয়ার বাড়িতে হামলা চালায়। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের একপর্যায়ে রিপন মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। নিহতের ছেলে শাওন মিয়ার অভিযোগ, মাদকবিরোধী অবস্থানের কারণেও রিফাত কাজী তাঁর বাবার ওপর ক্ষুব্ধ ছিলেন।

সহকারী পুলিশ সুপার (গ- সার্কেল) মেহেদী হাসান জানান, আধিপত্য বিস্তার ও ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিতে নাম রাখা নিয়ে বিরোধই এই হত্যাকাণ্ডের মূল কারণ। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য তা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত রিফাত কাজী গা ঢাকা দিয়েছেন এবং তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযোগের বিষয়ে রিফাতের বক্তব্য জানতে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়।