মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ১৮ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট):পটুয়াখালীর পটুয়াখালীর দুমকিতে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও মারামারির মামলায় সাইফুল ইসলাম কামাল ফরাজি নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এবং একই ওয়ার্ডের দুইবার নির্বাচিত সাবেক ইউপি সদস্য। আজ রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কদমতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাইফুল ইসলাম কামাল ফরাজি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের মৃত জাহাঙ্গীর ফরাজির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও মারামারির ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে দুমকি থানার উপপরিদর্শক (এসআই) তাওহীদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কদমতলা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সাইফুল ইসলাম কামাল ফরাজিকে গ্রেফতার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপির অফিস ভাঙচুর ও মারামারির মামলায় সাইফুল ইসলাম কামাল ফরাজিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।