কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় ১০ পর্যটকের প্রাণহানির পর উখিয়া থানা পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। মামলায় রিসোর্টের মালিক তানভীর আহমদ এবং ম্যানেজার মোহাম্মদ সুমনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ম্যানেজার সুমনকে আটক করে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার। শনিবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে তিনি সাংবাদিকদের বিষয়টি জানান। তবে মালিক ও ম্যানেজারের বাইরে অন্য কেউ এই মামলার আসামি কি না, সে বিষয়ে ওসি তাৎক্ষণিকভাবে স্পষ্ট কিছু জানাননি।
অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে ওসি আতিকুর রহমান মজুমদার জানান, পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহ, নিখোঁজ ব্যক্তিদের তথ্য এবং শনাক্তকরণ প্রক্রিয়ায় সৃষ্ট বিভ্রান্তি নিরসনে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ডিএনএ পরীক্ষা সম্পন্ন হওয়ার পরই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সিআইডির কক্সবাজার জেলার বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ জানান, ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের কাজ স্থানীয় বিভিন্ন হাসপাতালে করা হবে। প্রয়োজনে ঢাকা থেকে সিআইডির বিশেষজ্ঞ দল কক্সবাজারে এসে এই কার্যক্রম সম্পন্ন করবে।