সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে (৩৮) পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে কালীগঞ্জ এলাকায় পুলিশের একটি যৌথ অভিযানে তাকে আটক করা হয়। দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর সুবর্ণাবাদ গ্রামের শামছুর রহমান সানার ছেলে শামীমকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর গত বৃহস্পতিবার রাতে নিহতের ভাই আব্দুল জলিল বাদী হয়ে দেবহাটা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলার ১ নম্বর বা প্রধান আসামি হলেন পারুলিয়া এলাকার বাসিন্দা ফজলুল হক আমিনি।