কক্সবাজারের উখিয়ার ইনানীতে অবস্থিত টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ছয়জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য। শনিবার সকালে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার কাঠের তৈরি এই রিসোর্টটিতে আগুন লাগে। সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে এবং প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল ১১টার দিকে তা নিয়ন্ত্রণে আসে। আগুনের তীব্রতায় কাঠের নির্মিত রিসোর্টটি সম্পূর্ণ পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ ঘটনায় ৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আগুনে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

অগ্নিকাণ্ডের সময় রিসোর্টটিতে মোট ১৭ জন পর্যটক অবস্থান করছিলেন বলে জানা গেছে। ঘটনার পর উদ্ধার অভিযান চালানো হয় এবং নিহতদের পরিচয় শনাক্তের কাজ শুরু হয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোরশেদ হোসেন জানিয়েছেন, রিসোর্টটি মূলত কাঠ দিয়ে তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। চারদিকে পোড়া ধ্বংসস্তূপ, পুড়ে কয়লা হয়েছে সবকিছু।

ঘটনাস্থলে স্বজনের সন্ধানে থাকা এক নারীর হৃদয়বিদারক আহাজারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই নারী বারবার ‘সাইফ’ নামের একজনকে ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছিলেন। তবে সাইফ নিহতদের তালিকায় রয়েছেন কি না বা তার বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, পূজার ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে ওই নারী কক্সবাজার বেড়াতে এসেছিলেন। উদ্ধারকাজের ব্যস্ততা ও প্রিয়জনকে হারানোর অনিশ্চয়তায় পুরো এলাকায় এক শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ‘আমার সাইফকে আইন্না দাও, আমি কারে নিয়া বাঁচুম’—কান্নাজড়িত কণ্ঠে বারবার এই আকুতি জানাচ্ছিলেন এক নারী। তার কণ্ঠে স্বজনকে হারানোর কষ্ট ও অসহায়ত্ব ফুটে ওঠে।