হেলথ ডেস্ক, ১৬ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩৩৫ জন। আজ শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর শুক্রবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ জন ও ঢাকা বিভাগে ২ জন মারা গেছেন।

আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৬৬ এবং দক্ষিণ সিটিতে ১২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২১৯ জন।

অন্য বিভাগের মধ্যে বরিশালে ১২৭ জন, চট্টগ্রামে ২৪২ জন, খুলনায় ১৪০ জন, ময়মনসিংহে ৯২, রাজশাহী ৯৯ এবং রংপুরে ৭১ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।