বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে এসআরবি ফোর্সেসের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ বলেছেন, অপরাধীর নির্দিষ্ট কোনো পরিচয় নেই। ধর্ম যার যার, কিন্তু অপরাধ করলে তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান বা বৌদ্ধ নির্বিশেষে সব নাগরিকই সমান এবং যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তারা রাষ্ট্রের শত্রু। এখানে যারা অপতৎপরতা চালাবে তারা সকলেই আমাদের শত্রু। এখানে কার কি আইডেন্টিটি সেটা আমাদের কাছে বড় ব্যাপার নয়।

আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। এই উৎসবকে ঘিরে দেশজুড়ে এসআরবির বিশেষ নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। প্রতিটি দিন সারাদেশে এসআরবির ২ হাজার ৪৫৭ জন সদস্য এবং ১৫টি ব্যাটালিয়নের ৬ হাজারের অধিক সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকছেন। গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় সার্বক্ষণিক টহল নিশ্চিত করতে ৫৪৯টি পিকআপ এবং ৪৪৭টি মোটরসাইকেল ব্যবহার করা হচ্ছে। এছাড়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল টিমকে সব সময় প্রস্তুত রাখা হয়েছে বলে জানান ডিজি। পূজার প্রতিটিদিন দেশব্যাপী এসআরবির ২৪৫৭ জন সদস্য নিয়োজিত থাকবেন। গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কগুলোতে প্রতিদিন ৫৪৯ টি পিকআপ টহল এবং ৪৪৭ টি মোটরসাইকেল টহল চলমান রয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। এসআরবির ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পূজামণ্ডপগুলোর সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা নিয়মিত তদারকি করা হচ্ছে। একই সঙ্গে নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইভটিজিং বা হয়রানি বন্ধে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। বিসর্জনের নির্দিষ্ট রুটে বিশেষ টহল এবং শান্তিপূর্ণ বিসর্জন সম্পন্ন না হওয়া পর্যন্ত সদস্যরা দায়িত্ব পালন করবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব সম্পর্কে এসআরবি ডিজি বলেন, উৎসবের পরিবেশ নষ্ট করতে একটি মহল বিভ্রান্তিকর তথ্য প্রচারের চেষ্টা চালায়। এটি ঠেকাতে এসআরবির সাইবার মনিটরিং টিম ২৪ ঘণ্টা ফ্যাক্ট-চেকিং ও নজরদারি করছে। দেশের প্রতিটি নাগরিক যেন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সেজন্য এসআরবি ফোর্সেস তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে বলে তিনি আশ্বস্ত করেন।