শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্যাংকগুলোতে সাধারণ ও নির্বাহী আদেশের ছুটি ঘোষণা করা হয়েছে। এই দীর্ঘ ছুটির বিষয়টি সমন্বয় করতে সরকার আগামী ১৭ অক্টোবর শনিবার দেশের সব তফসিলি ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে একটি সার্কুলার জারি করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৬ সালের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে এই ছুটি সমন্বয়ের অংশ হিসেবে আগামী ১৭ অক্টোবর শনিবার সব ব্যাংক তাদের স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে।
ছুটির দিনগুলোতে জরুরি সেবার বিষয়ে সার্কুলারে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথসমূহ সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা খোলা রাখার নিয়ম বহাল থাকবে। ২০১৯ সালের ৫ আগস্ট জারিকৃত ডিওএস সার্কুলার অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর এবং সাপ্তাহিক ছুটির দিন ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখতে হবে। এ ক্ষেত্রে ব্যাংকগুলো স্থানীয় প্রশাসন ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।
উল্লেখ্য যে, ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে ছুটি নির্ধারিত ছিল। পরবর্তীতে মন্ত্রিসভার সিদ্ধান্তে ২২ অক্টোবরও নির্বাহী আদেশে ছুটির ঘোষণা আসায় টানা তিনদিনের পূজার ছুটি নিশ্চিত হয়। এর পরের দুইদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি-বেসরকারি অফিসসহ মোট পাঁচদিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। এই টানা ছুটি শুরুর আগে শনিবারের সাধারণ ছুটি বাতিল করে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার আওতায় সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানও অন্তর্ভুক্ত রয়েছে। এরপর ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস খোলা থাকার কথা থাকলেও সম্প্রতি মন্ত্রিসভায় ওই দিনটিতেও নির্বাহী আদেশে ছুটি দেয়ার প্রস্তাব অনুমোদিত হয়।