রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংলগ্ন ফুটপাতটি সম্প্রতি নতুন রূপে সাজিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সীমানাপ্রাচীরে স্থান পেয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ শিল্প-সংস্কৃতির ১০ জন বরেণ্য ব্যক্তিত্বের প্রতিকৃতি। সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, পল্লিকবি জসীমউদ্দীন ও কবি জীবনানন্দ দাশ। তবে, সংস্কারের এই নান্দনিকতা প্রায়শই আড়াল হয়ে যাচ্ছে সড়কের ওপর এলোমেলোভাবে রাখা বিভিন্ন যানবাহনের কারণে।
সরেজমিনে বুধবার দেখা যায়, ফুটপাতের পাশে থাকা সড়কটির বড় একটি অংশ দখল করে সারি সারি প্রায় ২০টি গাড়ি পার্ক করে রাখা হয়েছে। এসবের মধ্যে সরকারি স্টিকারযুক্ত গাড়ির পাশাপাশি সাধারণ প্রাইভেট কার, রিকশা ও ভ্যানগাড়িও রয়েছে। একদিকে পথচারীদের জন্য রাখা বেঞ্চ ও ডাস্টবিনের মতো নাগরিক সুবিধাগুলো যেমন শোভা পাচ্ছে, অন্যদিকে পার্ক করা যানবাহনের কারণে সেই সৌন্দর্য ও দেখার পরিবেশ মার খাচ্ছে। অনেক সময় চালকদের ফুটপাতে সময় কাটাতে বা অলস বসে থাকতেও দেখা যায়।
ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ফুটপাত সংস্কার ও সৌন্দর্যবর্ধনের দায়িত্বে রয়েছে। অবৈধ পার্কিংয়ের বিষয়ে জানতে চাইলে বিভাগটির প্রধান এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার বুধবার দুপুরে জানান, তাঁরা দ্রুতই এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছেন। তিনি বলেন, সড়কের ওপর এভাবে গাড়ি পার্কিং করতে দেওয়া হবে না। ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে দ্রুতই পার্কিং বন্ধের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।
ফুটপাতের এই দেয়ালে নতুন করে ছবি আঁকা হলেও তালিকা থেকে সাংবাদিক ও গায়ক সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি বাদ পড়ার বিষয়টি নজরে এসেছে। সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতার এই উদ্যোগের সুফল পেতে সড়ক ব্যবস্থাপনা এবং পার্কিং নিয়ন্ত্রণে প্রশাসনের নিয়মিত নজরদারি ও তদারকি জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।