আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত এশিয়াবিষয়ক সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বক্তব্য চলাকালে ওয়াকআউট করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্ট বক্তব্য শুরু করলে এর প্রতিবাদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল সম্মেলন কক্ষ ত্যাগ করেন। গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ হিসেবে এই কূটনৈতিক অবস্থান নেয়া হয়েছে। বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশের প্রতিনিধিরাও একই সময়ে হল ত্যাগ করেন।
বাকুতে চলমান ‘এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা প্রতিষ্ঠা বিষয়ক’ (সিআইসিএ) সপ্তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার দিবাগত রাতে ঢাকা ত্যাগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে এশীয় দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বাংলাদেশের অবস্থান ও প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি। নিজের বক্তব্যে প্রতিমন্ত্রী তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন করেন, যার মধ্যে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ফলাফলভিত্তিক প্রকল্প বাস্তবায়ন, বিভিন্ন অংশীজনের সরাসরি অংশগ্রহণমূলক অনুষ্ঠান বৃদ্ধি এবং আইসিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য দেশগুলোর প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে বিনিময় জোরদার করার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
১৯৯৯ সালে প্রতিষ্ঠিত সিআইসিএ ফোরামের মূল লক্ষ্য হলো এশিয়াজুড়ে দীর্ঘমেয়াদী শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা। এবারের শীর্ষ সম্মেলনে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য আজারবাইজানকে সিআইসিএ-এর সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া ফোরামের পরবর্তী মহাসচিব হিসেবে মহামান্য সুলতান হাজিয়েভকে নিয়োগের বিষয়টিও সম্মেলনে অনুমোদন লাভ করেছে। দুইদিন ব্যাপী এই সম্মেলনের মাধ্যমে এশিয়ার দেশগুলো পারস্পরিক সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তার নতুন রূপরেখা নিয়ে আলোচনা করছে।