এইচ এম আবু বকর সিদ্দিক-বাউফল উপজেলা প্রতিনিধি (পটুয়াখালী), ১৪ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান এমপি।
আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদের মিনি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিমা রহমান এমপি। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি শেনাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদার, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাঁশরীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় সেলিমা রহমান বিভিন্ন সরকারি দপ্তরের চলমান উন্নয়ন কার্যক্রম, জনসেবামূলক কর্মকাণ্ড ও দাপ্তরিক কার্যক্রমের খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, চলমান প্রকল্প এবং সেবাদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান বলেন, “সরকারি কর্মকর্তাদের মূল দায়িত্ব হলো জনগণের সেবা নিশ্চিত করা। সাধারণ মানুষ যেন সরকারি দপ্তরে এসে হয়রানির শিকার না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। সরকারি সেবার মান বাড়াতে স্বচ্ছতা, জবাবদিহি ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বাউফলের উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের চাহিদাকে গুরুত্ব দিতে হবে। সরকারি সুযোগ-সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে।”
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম ও জনসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়।