আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১৩ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ১৪ নং দূর্গাপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে মহাসড়কের জায়গা দখল করে বাড়ি নির্মাণ করেছেন শঠিবাড়ি হাট এলাকার ব্যবসায়ী শ্রী হেমন্ত চন্দ্র মহন্ত। অভিযোগে জানা গেছে, শান্তিপুর মৌজার জেএল নং ২৭১, দাগ নং-১৪৭ (সাবেক), হাল দাগ নং- ১৮৪ এ ( মেসার্স ভাবনা ফিলিং স্টেশন) সংলগ্ন- এর দক্ষিণ পার্শ্বে শ্রী হেমন্ত চন্দ্র মহন্ত দলিল মূলে সাড়ে সাত শতাংশ জমি ক্রয় করেন। ওই দলিলে উল্লেখিত জমির পৌনে চার শতাংশ জমি মহাসড়ক তৈরী কালে অধিগ্রহণ করে, সে মোতাবেক ঐখানে অবশিষ্ট পৌনে চার শতক জমি থাকলেও হেমন্ত চন্দ্র মহন্ত সর্বসাকুল্যে মহাসড়কের জমির সীমানা সহ সাড়ে সাত শতক জায়গা জুড়ে স্থায়ী ভিত্তি দিয়ে স্থাপনা তৈরী করে সরকারি জমি দখল করেছেন।

অভিযোগ আছে, হেমন্ত চন্দ্র একজন ভূমি দস্যু। তার ওই কৃত্তিকলাপে এলাকাবাসী বাঁধা দিলে সন্ত্রাসী দিয়ে ভয়-ভীতি দেখান ও হুমকী প্রদান করেন বলে স্থানীয়রা জানান।

মিঠাপুকুর উপজেলার ৭নং লতিফপুর ইউনিয়নের জোতগোকুল গ্রামের মহেন্দ্র চন্দ্র মহন্তের পুত্র হেমন্ত চন্দ্র মহন্ত বর্তমানে ওই দাগের সরকারি অংশ সহ মোট সাড়ে সাত শতাংশ জমি জুড়ে স্থায়ী বিল্ডিং নির্মাণ করেছেন। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদে হেমন্ত চন্দ্র জানান,সরকারি অংশ ভেঙ্গে ফেলা হবে। কবে তা ভেঙ্গে ফেলে দখলমুক্ত করবেন? সে ব্যাপারে কোন সদুত্তর দিতে পারেননি ওই ভূমি দস্যু হেমন্ত চন্দ্র মহন্ত।

ভূমি দখলের ব্যাপারে স্থানীয় ব্যবসায়ী মো. নোবেল মিয়া প্রকল্প ব্যবস্থাপক-৮, সাসেক সড়ক সংযোগ প্রকল্প , “এলেঙ্গা হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ” সাব-রেজিস্টার অফিস রোড, ডিসির মোড়, রংপুর বরাবরে একটি লিখিত অভিযোগ করলেও কোন ব্যবস্থা গ্রহণ করেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক, উপ-প্রকল্প পরিচালক ও জেলা প্রশাসক রংপুরকে লিখিত অভিযোগের অনুলিপি প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।