ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জনসচেতনতা বাড়ানোর ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় তিনি পাড়া-মহল্লায় নিয়মিত মাইকিংয়ের পাশাপাশি জুমার নামাজের খুতবায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় প্রধানমন্ত্রী জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস খুবই গুরুত্বপূর্ণ। তাই ডেঙ্গুর বিস্তার রোধে সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সংক্রমণের উচ্চহার বজায় থাকা এলাকাগুলোতে প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করার তাগিদ দিয়েছেন তিনি। পাশাপাশি ডেঙ্গু মোকাবিলায় সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে সরকারি আবাসিক কোয়ার্টার ও হাসপাতাল প্রাঙ্গণ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়েও সভায় সুনির্দিষ্ট সিদ্ধান্ত গৃহীত হয়। এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন ও সফল করার লক্ষ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ এবং সংস্থাগুলোর মধ্যে আন্তঃবিভাগীয় সমন্বয় আরও শক্তিশালী করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এছাড়াও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।