মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ১২ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পরিবারই উন্নয়নের মূল একক এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক এক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। দুমকি ১ নং পাংগাসিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে এই তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ প্রেস কনফারেন্সের আয়োজন করে।
আজ ১২ অক্টোবর (সোমবার) দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী। এ সময় ফ্যামিলি কার্ড কার্যক্রমের লক্ষ্য, উদ্দেশ্য এবং তথ্য সংগ্রহের সার্বিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন দুমকী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুঃ অলিউল ইসলাম। সংবাদ সম্মেলনে জানানো হয়, তৃণমূল পর্যায়ে প্রান্তিক ও পিছিয়ে পড়া পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই ফ্যামিলি কার্ড কার্যক্রমের মূল উদ্দেশ্য। সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের তালিকার আওতায় আনতে কাজ করছে সমাজসেবা অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। এই কার্যক্রমে সমাজের সঠিক চিত্র তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
প্রেস কনফারেন্সে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।