ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদো নাজারিও এবং রবার্তো কার্লোসের মালিকানাধীন ক্লাব ইন্তার দে লিমেইরা তাদের ইতিহাসে এক অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে। ক্লাবটি দীর্ঘ ৩৫ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ব্রাজিলের তৃতীয় বিভাগ সেরি সি থেকে দ্বিতীয় বিভাগ সেরি বি-তে উন্নীত হয়েছে। এই অর্জনের মাধ্যমে সাও পাওলোর ক্লাবটি দ্বিতীয় স্তরে তাদের ঐতিহাসিক প্রত্যাবর্তন নিশ্চিত করলো। সেরি সির নাটকীয় শেষ রাউন্ডে হারের স্বাদ পেলেও দীর্ঘ ৩৫ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই ঐতিহাসিক সাফল্য পেল দলটি।

সেরি সির শেষ রাউন্ডের ম্যাচটি নাটকীয়তায় পূর্ণ ছিল। গ্রুপ চ্যাম্পিয়ন ফেরোভিয়ারিয়ার বিপক্ষে ২-০ গোলে হারলেও ক্লাবটির ভাগ্যের চাকা ঘুরে যায় অন্য ম্যাচে। একই সময়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের ম্যাচটি ড্র হওয়ায় ইন্তার দে লিমেইরা পয়েন্ট তালিকায় সুবিধাজনক অবস্থানে থেকে সেরি বি-তে ওঠার টিকিট নিশ্চিত করে। গ্রুপ ‘বি’-এর চূড়ান্ত পয়েন্ট তালিকায় তারা ব্রুসকে গোল ব্যবধানে পেছনে ফেলে এই সাফল্য পায়।

এই দুই কিংবদন্তির করপোরেট মালিকানাধীন আসার পর থেকেই ক্লাবটির পারফরম্যান্সে এক আমূল পরিবর্তন লক্ষ্য করা গেছে। পদোন্নতি নিশ্চিত হওয়ার পর ক্লাবের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে আনন্দের জোয়ার বইছে। ক্লাবটির অন্যতম বিনিয়োগকারী রোনালদো নাজারিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই আনন্দের মুহূর্তটি শেয়ার করেছেন। সেখানে তিনি উচ্ছ্বসিত হয়ে ‘ভামো’ লিখে তিনটি হাততালির ইমোজি জুড়ে দিয়েছেন।