যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক, অরাজনৈতিক ও জনকল্যাণমুখী সংগঠন ‘এনআরবি ওয়ার্ল্ড’ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশি পেশাজীবীদের এক সুতায় গাঁথতে কাজ করছে। ইতোমধ্যে ৫০টিরও বেশি দেশে তাদের বিস্তৃত নেটওয়ার্ক গড়ে উঠেছে। এই লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বিস্তারিত তুলে ধরেন। গত ১১ অক্টোবর রোববার বিকেলে ফ্রান্সের ‘ক্যাফে দ্য লুনা’য় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ভবিষ্যতে বিশ্বের সব দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি পেশাজীবীদের এই নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনআরবি ওয়ার্ল্ডের অ্যাডভাইজার কাজী এনায়েত উল্লাহ ইনু, এনআরবি ওয়ার্ল্ড সামিট-২০২৬-এর কনভেনর মমিনুল হক এবং সংগঠনের প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম। বক্তারা জানান, প্রবাসী বাংলাদেশিদের আন্তর্জাতিক অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা এবং বিনিয়োগের সক্ষমতাকে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে কার্যকরভাবে সম্পৃক্ত করাই তাদের প্রধান উদ্দেশ্য। এছাড়া, বিদেশে থাকা ব্যবসায়ীদের দেশের বিনিয়োগবান্ধব খাতগুলোর সঙ্গে পরিচিত করা এবং তাদের বিনিয়োগকে উৎসাহিত করাও এই সংগঠনের অন্যতম লক্ষ্য। প্রবাসীদের মেধা, দক্ষতা, অভিজ্ঞতা ও বিনিয়োগকে কাজে লাগিয়ে বাংলাদেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই সংগঠনটির মূল লক্ষ্য। সংগঠনটি মনে করে, প্রবাসীরা শুধু বিদেশের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন না; দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতেও তাঁরা গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারেন। তবে সংগঠনটির ধারণা ও কার্যক্রমের ভিত্তি তৈরি হয়েছিল আরও কয়েক বছর আগে। পরবর্তী সময়ে প্রবাসী ব্যবসায়ী, বিনিয়োগকারী ও পেশাজীবীদের সঙ্গে বাংলাদেশের নীতিনির্ধারকদের যোগাযোগ আরও জোরদার করার লক্ষ্যে ঢাকায় আয়োজন করা হয় এনআরবি প্রফেশনাল সামিট। বিশ্বের যেখানেই কোনো বাংলাদেশি নিজ নিজ ক্ষেত্রে সফলতা অর্জন করুন না কেন, তাঁর সেই অভিজ্ঞতা ও অর্জনের সুফল যেন বাংলাদেশও পায়—এমন একটি কার্যকর সংযোগব্যবস্থা গড়ে তুলতে চায় সংগঠনটি। সম্মেলনে ব্যবসায়ী ও পেশাজীবী নেতাদের পাশাপাশি রাজনীতিবিদ, মন্ত্রী, কূটনীতিক এবং আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞদের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।
এনআরবি ওয়ার্ল্ডের যাত্রার প্রেক্ষাপট সম্পর্কে জানা যায়, ২০১৪ সালে সিঙ্গাপুরে আয়োজিত ‘ওয়ার্ল্ড বিজনেস সামিট’-এর মাধ্যমেই প্রবাসী বাংলাদেশিদের জন্য এমন একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরির প্রাথমিক চিন্তাভাবনা শুরু হয়। এরপর ২০১৭ সালে বাংলাদেশে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে এবং ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ধারাবাহিকভাবে একাধিক বিজনেস সামিটের আয়োজন করা হয়। আনুষ্ঠানিকভাবে ২০২০ সালে যাত্রা শুরু করা এনআরবি ওয়ার্ল্ড বর্তমানে ৫০টিরও বেশি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
সংগঠনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ঢাকার শেরাটন হোটেলে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট-২০২৬’ অনুষ্ঠিত হবে। ‘থিংক বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত অন্তত এক হাজারের বেশি অনাবাসী বাংলাদেশি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে বিশ্বের নানা প্রান্তে থাকা প্রবাসী বাংলাদেশিদের এই সামিটে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানানো হয়েছে। এটি দেশ ও প্রবাসের মধ্যে সেতুবন্ধন তৈরিতে একটি কার্যকর ভূমিকা রাখবে বলে আয়োজকরা বিশ্বাস করেন।