ঢাকা, ১১ অক্টোবর ২০২৬ইং ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রোববার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার জুজুর ভয় দেখিয়ে গণভোটের রায় ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সংকট অস্বীকার করছে। গণভোট বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণের দাবিতে এই লংমার্চের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
১১ দলের লংমার্চে পতিত সরকার ফিরে আসবে—এমন বক্তব্যের কড়া সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সরকার নতুন অজুহাত বা ন্যারেটিভ তৈরি করছে। ন্যায্য গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলনকে থামিয়ে দিতে এবং অন্যদিকে নজর ঘোরাতে নানা পরিকল্পনা করা হচ্ছে। জুজুর ভয় দেখিয়ে জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করার কোনো সুযোগ নেই।’
সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, ‘যোগ্যতা থাকুক বা না থাকুক, সব জায়গায় সরকারি দলের নেতা-কর্মীদের বসিয়ে দেওয়া হচ্ছে। এমনকি বিএনপির লোক ছাড়া কেউ সারের ডিলারশিপও পাচ্ছে না। যারা জনগণের কাছে ওয়াদা দিয়ে ভঙ্গ করে, তারা বিরোধী দলের আন্দোলনের প্রয়োজনীয়তা বুঝবে না।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘খুলনায় পুলিশের একাকী চলাচলে নিষেধ করা হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি কতটা খারাপ হলে পুলিশকে এভাবে চলাচলে সতর্ক করতে হয়।’
লংমার্চের কর্মসূচির বিস্তারিত জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, নির্ধারিত দিনে সকাল ৮টায় ঢাকার বায়তুল মোকাররম এলাকা থেকে সংক্ষিপ্ত জনসভার মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর পদ্মা সেতু হয়ে প্রায় ১ হাজার গাড়ির বহর নিয়ে লংমার্চটি কুষ্টিয়ার উদ্দেশে রওনা হবে। প্রায় ১২ ঘণ্টার এই যাত্রায় গণমাধ্যমকর্মী, চিকিৎসক, শিল্পী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেবেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসূল, সংসদ সদস্য মোক্তার আলী, গাজী এনামুল হকসহ কুষ্টিয়া, ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও পার্শ্ববর্তী জেলাগুলোর জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় দায়িত্বশীল নেতারা।