ইন্টারন্যাশনাল ডেস্ক, ১০ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে যোগ দিয়ে মুম্বাই পুলিশের হাতে আটক হয়েছেন জনপ্রিয় অভিনেতা ইমরান খান। শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ‘ককরোচ পার্টি’ আয়োজিত এক বিক্ষোভে অংশ নিতে গিয়ে তিনি পুলিশের কবলে পড়েন। বর্তমানে তিনি পুলিশের জিম্মাতেই রয়েছেন। আটক হওয়ার পর অভিনেতা ইমরান খান সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের গাড়ির ভেতর থেকে একটি ছবি শেয়ার করেছেন।
বিক্ষোভের বিষয়ে মুম্বাই পুলিশ জানিয়েছে, আগস্ট ক্রান্তি ময়দানে কোনো ধরনের জমায়েত বা বিক্ষোভ প্রদর্শনের অনুমতি কাউকে দেওয়া হয়নি। তবে আয়োজক ও আন্দোলনকারীদের দাবি, বিক্ষোভের অনুমতির জন্য তারা পুলিশের কাছে আগেভাগেই ইমেইল করেছিলেন। কিন্তু পুলিশ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো উত্তর বা নির্দেশনা না পাওয়ায় তারা কর্মসূচিতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। পুলিশ সেখানে কাউকে পৌঁছাতে দেয়নি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেয়।
ইমরান খান আন্দোলনকারী তরুণদের প্রতি সমর্থন জানিয়ে এক বার্তায় বলেছেন, ভারতের তরুণরা, তোমাদের নিয়ে আমি গর্বিত। আন্দোলন অব্যাহত রাখো। আমরা তোমাদের পাশে দাঁড়াচ্ছি। এদিকে, দিল্লিতে অবস্থানরত তরুণ আন্দোলনকারীদের প্রতি নিজের সমর্থন ব্যক্ত করেছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এনডিটিভির তথ্যানুযায়ী, পুরো ঘটনাটি ঘিরে মুম্বাইয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।