মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ৩০ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য এবং দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাঙ্গাশিয়া ইউনিয়ন যুবদল। ​বুধবার (৩০ সেপ্টেম্বর, ২০২৬) বিকেল ৪টায় পাঙ্গাশিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

​সমাবেশে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা যুবদলের সভাপতি জাকির আলম মিলন, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান লাল মিয়া, সাধারণ সম্পাদক মো. জহিদুল ইসলাম রুবেল এবং সাংগঠনিক সম্পাদক মো. কালাম তালুকদার। এছাড়াও ইউনিয়ন ও স্থানীয় যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

​সমাবেশে যুবদল নেতারা বলেন, “বিগত ১৬ বছর ধরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সারাদেশে যে সন্ত্রাস, নৈরাজ্য এবং লুটপাট চালিয়েছে, তার বিচার এই বাংলার মাটিতেই হবে। তারা এখনও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পাঁতারা চালাচ্ছে। তবে যুবদল রাজপথে সতর্ক রয়েছে—তাদের যেকোনো চক্রান্ত ও সন্ত্রাসী কার্যক্রম কঠোরভাবে প্রতিহত করা হবে।”
​

বক্তারা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, সাধারণ মানুষের ওপর হামলা, জুলুম কিংবা দেশে পুনরায় নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে যুবদলের নেতাকর্মীরা সাধারণ জনগণকে সাথে নিয়ে তা দাঁতভাঙা জবাব দেবে।