ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানে বাধা ও হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। পুলিশ ও ডিএনসিসির পক্ষ থেকে পৃথকভাবে মামলা করা হবে বলে জানান তিনি। আজ বুধবার মিরপুর এলাকায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষের পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএনসিসির প্রশাসক।

শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করার কর্মসূচি চলমান থাকবে। এ কর্মসূচিতে যারা অরাজকতা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে। ডিএনসিসির পক্ষ থেকেও মামলা করা হবে।

তিনি বলেন, তদন্ত করে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে। অবৈধভাবে কাউকে ফুটপাত দখল করতে দেওয়া হবে না।

ডিএনসিসির প্রশাসক বলেন, ‘আজকে প্রমাণ হয়েছে, মিরপুরের সাধারণ জনগণ ফুটপাত দখলমুক্ত চায়।’

কারও ইন্ধনে আবার ফুটপাত দখলের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।

নগরবাসীর চলাচলের সুবিধা নিশ্চিত করতে মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএনসিসির প্রশাসক।