ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান শুরুর সিদ্ধান্তের পর প্রাথমিক সত্যতা পাওয়ার ঘোষণা সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদকের) প্রেস ব্রিফিংয়ের বৈধতা নিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার রিট কার্যতালিকা থেকে বাদ (ডিলিট) দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন- জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন ও আইনজীবী ইউসুফ আলী।

দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবুর রহমান খান ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইমাম হোসেন তারেক।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা এবং সহকারী পরিচালক ২ ও ১৩ সেপ্টেম্বর দুটি প্রেস ব্রিফিং করেন। ব্রিফিংয়ে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান শুরুর সিদ্ধান্তের পর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানানো হয়। এই ব্রিফিং সংবিধানের ৩১ অনুচ্ছেদে নিশ্চিত করা মর্যাদা ও সুনামের সুরক্ষা এবং দুদকের তথ্য অবমুক্তকরণ নীতিমালার লঙ্ঘন। তাই ২ ও ১৩ সেপ্টেম্বরের প্রেস ব্রিফিংয়ের কর্তৃত্ব চ্যালেঞ্জ করেই আসিফ মাহমুদ রিট করেন।