ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এককভাবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ। কোনো এলাকায় দলের একাধিক প্রার্থী থাকলে উপযুক্ত প্রার্থী বাছাই করে তাঁর পক্ষে দলীয় সমর্থন দেওয়া হবে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, নির্বাচনে অংশ নিতে নেতাকর্মীদের প্রাক-নির্বাচনী কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্য দলের কেউ গণঅধিকার পরিষদের প্রাথমিক সদস্য হয়ে দলটির সমর্থিত প্রার্থী হতে পারবেন।
সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে অনার্স এবং সদস্য পদে উচ্চমাধ্যমিক পাস বাধ্যতামূলক করার দাবি জানায় দলটি। পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ এবং দ্রুত সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়।
এ সময় দলটির সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, মুখপাত্র আবু হানিফসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।