ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত এ আদেশ দেন।
এর আগে চার দিনের রিমান্ড শেষে এদিন গাজী নজরুল ইসলামকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ফের সাত দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আসামিকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, মরিয়ম খুবই আবেগপ্রবণ ছিলেন। অভিমান ও পারিবারিক বিভিন্ন ধরনের ঝামেলার কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে তদন্তকালে জানা যায়।
মামলাটি চাঞ্চল্যকর উল্লেখ করে আবেদনে বলা হয়, ঘটনার মূল রহস্য উদঘাটনে গাজী নজরুল ইসলামকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে পুনরায় সাত দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।
শুনানি শেষে আদালত সাত দিনের আবেদনের বিপরীতে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত রবিবার রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।