ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যদের বক্তব্য দেওয়ার সুযোগ সীমিত।
ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে বিরোধী দল সংসদে আলোচনা করতে চাইলেও সবসময় সেই সুযোগ পাওয়া যায় না।
সীমান্ত সমস্যা নিয়ে দেওয়া একটি নোটিশের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সংশ্লিষ্ট জায়গা থেকে বিষয়টি ‘সেনসিটিভ’ উল্লেখ করে নোটিশ প্রত্যাহারের কথা বলা হয়েছিল। কিন্তু তারা নোটিশ প্রত্যাহার করেননি।
তিনি বলেন, ‘সেন্সিটিভ ব্যাপার বলে এটা আলোচনা হওয়া দরকার। আমরা এটা প্রত্যাহার করবো না।’
ডা. শফিকুর রহমান আরও বলেন, বিরোধী দল সংসদে তাদের বক্তব্য তুলে ধরতে চাইলেও নানা সীমাবদ্ধতা রয়েছে। অন্যদিকে সরকারি দলের সদস্যদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি সুযোগ রয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, জাতীয় সমস্যায় বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে সহযোগিতার প্রস্তাবও দেওয়া হয়েছে। ঢাকা শহরের যানজট ও অন্যান্য সমস্যা সমাধানে তাদের টেকনিক্যাল এক্সপার্ট টিমের সহযোগিতা নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তা গ্রহণ করা হয়নি বলেও দাবি করেন তিনি।