আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২৩ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ছাত্রকে প্রহারের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজ ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার, দুপুর ১২ টায় মাদারগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তুমুল সংঘর্ষ বাঁধে। হাইকোর্টের আদেশ দেখিযে প্রধান শিক্ষকের চেয়ার দখল করেন সহকারী প্রধান শিক্ষক একরামুল ইসলাম প্রধান। ঘটনার আকস্মিকতায় এলাকাবাসী হতবাক, যে কোন মূহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা তৈরী হয়েছে বিদ্যালয়টিতে।
রংপুরের পীরগঞ্জ উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ মাদারগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়টি আজ দখলের রাজত্ব কায়েম করেছে একটি গোষ্ঠি। জানা গেছে, ওই বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক শাহ্ মো. তাজুল ইসলাম শামীম গত ০৬/০৩/২০১১ ইং তারিখ থেকে সফল ভাবে দায়িত্ব পালন করে আসছেন। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে অবসরের খুব কাছাকাছি এসেও মিলছে কোন সুশৃঙ্খল পরিবেশ। তথ্যানূসারে মাত্র চার মাস পরই প্রধান শিক্ষক শাহ তাজুল ইসলাম শামীম অবসরে যাবেন বলে জানা গেছে। শিক্ষকদের মধ্যে দলাদলির কারণে শিক্ষার বিরাজমান সুষ্ঠু পরিবেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, আমরা কোন স্বার্থের রাজনীতি ও দলাদলি চাই না, আমরা চাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ। অভিভাবকরাও চরম অব্যবস্থাপনা ও অনিশ্চয়তার সমাধান চান বলে জানা যায়।
এদিকে সকাল ১১টায় ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ও মাদারগঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রায়হান কবীর প্রধান ও ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মেহেদী হাসানের মধ্যে তর্কাতর্কীর এক পর্যায়ে তুমুল ঝগড়া ও হাতাহাতি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ওই সময় দাপ্তরিক কাজে পীরগঞ্জে মাধ্যমিক শিক্ষা অফিসে অবস্থান করছিলেন প্রধান শিক্ষক তাজুল ইসলাম শামীম। বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অনুপস্থিতির সুযোগে মেহেদী হাসান দলবল ও লাঠি-সোটা নিয়ে একরামুল ইসলাম প্রধানকে প্রধান শিক্ষকের চেয়ারে বসিয়ে দেন। চেয়ারে বসা অবস্থায় এ প্রতিবেদক ঘটনাটির প্রত্যক্ষদর্শী হিসেবে ওই সময়ে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে উপস্থিত ছিলেন।
এদিকে প্রশাসনিক জটিলতার কারণে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ না থাকায় শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করেছে বলে জানা গেছে। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় , তাঁরা কোন রাজনীতির ধার ধারেন না, বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসুক, এটাই তাঁদের চাওয়া-পাওয়া। প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দুই পক্ষ রাতে থানায় অবস্থান করছেন বলে জানা গেছে। অনাহুত ঘটনাকে কেন্দ্র করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।