ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৩ (এসআরবি-৩)। রাজধানীর জনবহুল এলাকা, গুরুত্বপূর্ণ স্থাপনা, কেপিআই (কী পয়েন্ট ইনস্টলেশন) ও প্রধান সড়কে চেকপোস্ট, তল্লাশি এবং টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) এসআরবি-৩-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে সার্বক্ষণিক চেকপোস্ট, রোবাস্ট পেট্রোলিং ও মোটরসাইকেল টহল জোরদার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমন, অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার, সাইবার অপরাধ, গুম, ভূমিদস্যুতা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মানবপাচার ও অপহরণসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

এ ছাড়া অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার এবং চুরি-ছিনতাই ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযান চালানো হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি করা হচ্ছে। তবে সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে বিষয়ে দায়িত্বরত সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসআরবি-৩ জানায়, টহল ও চেকপোস্ট কার্যক্রমের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। অপরাধী চক্রের গতিবিধি পর্যবেক্ষণে সংস্থাটির গোয়েন্দা সদস্যরা কাজ করছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে এসআরবি-৩-এর অভিযান অব্যাহত থাকবে।