আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১৯ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের পীরগঞ্জ মৌজায় অবস্থিত কবরস্থানটির দূর্দশা দিনে দিনে বেড়েই চলেছে। অরক্ষিত ওই কবরস্থানটিতে নেই কোন সীমানা প্রাচীর কিংবা সংরক্ষিত দেয়াল। ফলে, কবরস্থানে বিভিন্ন জীবজন্তু অবাধে বিচরণ করে বেড়াচ্ছে। এলাকাবাসী জানান, সম্প্রতি সরকারিভাবে ঘোষিত কবরস্থানটি বিভিন্ন সমস্যায় জর্জরিত হলেও দেখার কেউ নেই। অযত্ন অবহেলায় পড়ে আছে এখন কবরস্থানটি।
তথ্যানুসন্ধানে জানা গেছে, স্থানীয় আব্বাস আলী তালুকদারের পুত্র আহাদ আলী তালুকদার ওরফে ট্যানা তালুকদার কবরস্থান তৈরীর উদ্দেশ্যে ১০ শতাংশ জমি দান করেন। স্থানীয় সমাজ সেবক হাজী বয়েন উদ্দিন ও হাজী দছিম উদ্দিন মন্ডলের উদ্যোগ ও পরিশ্রমে কিছু দানশীল মানুষের সহযোগিতায় আরও ১০ শতাংশ জমি কবরস্থানের নামে ক্রয় করেন। উদ্যোক্তাদের স্বদিচ্ছায় ওই কবরস্থানে ইতিপূর্বে মাত্র কয়েকটি পরিবার তাঁদের স্বজনদের কবরদান করে আসছেন। সম্প্রতি পৌরসভা ঘোষিত কবরস্থানটি সরকারিকরণ করা হলেও নেই কোন উন্নয়নের ছোঁয়া। এ ব্যাপারে বিভিন্নভাবে দেন দরবার করেও কবরস্থানটির কোন মান উন্নয়ন করা সম্ভব হয়নি।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী তালুকদার দুঃখ করে বলেন,” কবরস্থানটির উন্নয়নকল্পে বিগত সরকারের আমলে মেয়র মহোদয়কে একাধিকবার আবেদন করেও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি।” বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌরসভায় প্রশাসকের দায়িত্বে আছেন। সম্প্রতি বদলীকৃত নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান কবরস্থানটি উন্নয়নের আশ্বাস দিলেও তিনি তা বাস্তবায়ন করে যেতে পারেননি,জানালেন ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুল আজাদ।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন,সরকার ঘোষিত কবরস্থানটি উন্মুক্ত থাকায় বিভিন্ন জীব জন্তু -কুকুর,শিয়াল ও গবাদীপশুর বিচরণভূমিতে পরিণত হয়েছে। জরুরি ভিত্তিতে কবরস্থানটি রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা।