ঢাকা, ২৭ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের সমালোচনা করে তার বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার (এক্সপাঞ্জ) দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে দুঃখ প্রকাশ করার আহ্বান জানিয়েছেন তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘স্পিকার, এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা হলো, বুঝতে পারিনি।’

স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পর সংসদে হট্টগোল শুরু হয়। বিরোধীদলের পক্ষ থেকে বক্তব্যটি সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানানো হয়।

পরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, আমার বক্তব্যে যদি এভাবে কমেন্টস করা হয়, তবে আমার বক্তব্য দেওয়ার দরকার নেই। নতুন করে এই শব্দগুলো উচ্চারণ শুরু করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, উনি নিজেকে কী মনে করেন? আমরা তার ছাত্র হতে এখানে আসিনি। উনি শিক্ষক হলে ইউনিভার্সিটি খুলুন, সেখানে উনি বক্তব্য দিতে পারবেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, তিনি শুরু থেকেই সংসদে অশোভন আচরণ করছেন। শুরু থেকেই তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য দেন। এটা ফ্যাসিবাদের সংস্কৃতি।

স্বরাষ্ট্রমন্ত্রীকে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, উনাকে দুঃখ প্রকাশ করতে হবে। তাছাড়া অপমান নিয়ে আমাদের এখানে বসার প্রশ্ন উঠে না।