ঢাকা, ২৬ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সরকার নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণ করতে চেষ্টা করছে এবং কোনো অপরাধীকে ছাড় দিচ্ছে না।
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, শুধু অপরাধীদের গ্রেপ্তার করলেই হবে না। মাদক সিন্ডিকেট কোথায় গড়ে উঠেছে, তাদের আস্তানা কোথায় এবং তাদেরকে কারা পৃষ্ঠপোষকতা করছে- এসব চিহ্নিত করতে হবে। এসব সিন্ডিকেটের মূল শিকড় উপড়ে ফেলতে হবে।
দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।
সম্প্রতি রংপুরে একটি সরকারি স্কুলের শিক্ষক পরিবারের ওপর মাদকসেবীদের হামলায় চারজনের প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। তিনি বলেন, পুলিশ খুনিদের ধরতে পেরেছে, এটি শুকরিয়ার বিষয়। খুনিদের আস্তানা কোথায় তা খুঁজে বের করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির আগের চেয়ে খারাপ হয়েছে তা নয়, তবে আরও উন্নতি দরকার। আমরা আশা করি, আপনার হাত দিয়ে আরও শান্তিময় পরিবেশ তৈরি হবে। দেশে কোনো সন্ত্রাসী ও মাদকসেবী থাকবে না, মানুষ সেটি নিশ্চিত হতে চায়। দুষ্টের দমন ও শিষ্টের পালন নিশ্চিত করতে হবে।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে রিজভী বলেন, মহানবীর নীতি ও আদর্শ অনুসরণ করলে সমাজ ন্যায়ভিত্তিক হবে, রাষ্ট্রে ন্যায় ও ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে। তার দেখানো পথে চললে একজন সত্যিকার অর্থে আলোকিত মানুষ হওয়া যাবে। কেউ বিপথগামী হবে না।
রিজভী বলেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান হয়েছে। সরকার সবক্ষেত্রেই জবাবদিহি নিশ্চিত করেছে৷ গণমাধ্যমের সামনে ও সংসদে জবাবদিহি করছেন মন্ত্রীরা। সরকার প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সহসম্পাদক কাজী আবুল বাশার, ছাত্রদলের সহ সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।