ঢাকা, ২৬ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার (২৬ আগস্ট) সকালে ঢাকায় বিএনপি আয়োজিত ঈদে মিলাদুন্নবীর (সা.) আলোচনা সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আমরা কেউ আশা করতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রী এদেশের গণমানুষের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে, নির্দেশনায় আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে একটা এমন পর্যায়ে উন্নীত করতে পারব। ইনশাআল্লাহ জনপ্রত্যাশা পূরণ হবে। এই বাহিনী জনবান্ধব বাহিনী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করবে।
সাম্প্রতিক মাসগুলো দেশে একের পর একে খুনের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা চলছে। রংপুরে এক শিক্ষক পরিবারের চারজনকে হত্যার ঘটনায় পুলিশের তদন্ত সমালোচনার জন্ম দিয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনি কাঠামোয় পরিবর্তন আনা হচ্ছে তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের যেমন জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে, তেমনি তাদের কর্মকাণ্ডের স্বচ্ছতাও নিশ্চিত করা হবে।
‘দুষ্টের দমন সৃষ্টের পালননীতি’ অনুসরণের কথাও তুলে ধরেন তিনি।
মন্ত্রী আরও বলেন, সরকারের ছয় মাস অতিবাহিত হয়েছে। এ দায়িত্ব নেয়ার পরে একটি ঘটনাও নাই, এমন কোনো অপরাধ নাই, যেটা সংঘটিত হওয়ার পরপরই পুলিশ বাহিনী গ্রেপ্তার করতে পারে নাই বা বিচারের উদ্যোগ নেয় নাই। একটি ঘটনাও নাই। এটাই বাংলাদেশে বর্তমান সরকারের কৃতিত্ব।