ঠাকুরগাঁও, ২৫ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সফরেই নিজ জেলা ঠাকুরগাঁও যাওয়ার কথা ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তবে নির্ধারিত সেই সফর স্থগিত করা হয়েছে।আজ মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মো. রফিকুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক বলেন, ‘রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগামী ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও সফরের কথা ছিল। অনিবার্য কারণে সফরটি স্থগিত করা হয়েছে। তবে আগামী এক-দুই দিনের মধ্যে নতুন সফরসূচি নির্ধারণ হতে পারে।’
এর আগে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল শাখা থেকে গত সোমবার ঠাকুরগাঁও জেলা প্রশাসনের কাছে পাঠানো চিঠিতে জানানো হয়েছিল, আগামী ৩০ ও ৩১ আগস্ট দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাবেন রাষ্ট্রপতি। সফরকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি, আবাসন ও যানবাহনের ব্যবস্থা করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছিল।
তবে মঙ্গলবার ওই সফর স্থগিতের কথা জানানো হয়েছে। ফলে রাষ্ট্রপতির প্রথম জেলা সফর আপাতত হচ্ছে না।