আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২৪ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জ আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্পে আওতায় পরিচালিত নগর মাতৃসদন কেন্দ্রে চিকিৎসার জন্য আনা শ্রাবণী নামের এক রোগীর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়।
রোগীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে না নিয়ে রংপুর আর,কে রোডের জনতা ক্লিনিকে ভর্তি করা হয়, সেখানে রোগীর অবস্থার অবনতি হলে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয়। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক ও অনাকাঙ্ক্ষিত। তবে রোগীর মৃত্যুর প্রকৃত কারণ কি এবং চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরণের গাফিলতি ছিল কি না-তা নিরপেক্ষভাবে অনুসন্ধান করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং কোনো অনিয়ম বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। এদিকে, ঘটনাটিকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল নগর মাতৃসদন কর্তৃপক্ষের কাছে ২ লাখ টাকা দাবি করেছে বলে অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষের দাবি, ওই অর্থ না দেওয়ায় ওই মহল ঘটনাটিকে অতিরঞ্জিত করে যাচাই-বাছাইহীন তথ্য প্রচার করছে এবং ‘তিলকে তাল’ বানানোর অপচেষ্টা চালাচ্ছে। আজ ২২ শে আগস্ট বেলা ১১টায় চাঁদা দাবি করা ওই স্বার্থান্বেষী মহলের উদ্যোগে প্রেসক্লাব চত্ত্বরে এক সাজানো মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে ভাড়া করা কিছু স্থানীয় যুবক-যুবতী অংশ গ্রহণ করেন। তবে এ অভিযোগেরও নিরপেক্ষভাবে যাচাই হওয়া প্রয়োজন বলে এলাকাবাসী মনে করেন।
সংশ্লিষ্টদের মতে, কোনো চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে রোগীর মৃত্যু হলে বিষয়টি তথ্য-প্রমাণের ভিত্তিতে মৃত্যুর কারণ অনুসন্ধান করা উচিত। একই সঙ্গে কোনো পক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠলে তারও যথাযথ তদন্ত প্রয়োজন। এলাকাবাসী জানান, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজন হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সবার অধিকার। তবে সত্যতা যাচাই না করে মনগড়া তথ্য, গুজব বা অতিরঞ্জিত বক্তব্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়। চিকিৎসার নথিপত্র, সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যসহ সব তথ্য-প্রমাণ যাচাই করে নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন বলে সচেতনমহল দাবি করেন।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার এক নির্বাহী আদেশে পীরগঞ্জ আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্পের আওতায় নগর মাতৃসদন কেন্দ্রের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।