রাজশাহী, ২১ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে মহানগরী জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো আধিপত্যের নয়, বরং সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে হতে হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ভারত সফরে যেতেই পারেন, তবে সেই সফর হতে হবে সমমর্যাদা ও পারস্পরিক বন্ধুত্বের ভিত্তিতে। বাংলাদেশের মানুষ এখন আর কোনো দেশের আধিপত্যবাদ মেনে নেবে না।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী সারা বিশ্ব সফর করতে পারেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সফর করতেও কোনো অসুবিধা নেই। তবে সেই সফর হতে হবে সমতার, সমমর্যাদার ও বন্ধুত্বের। এ দেশের মানুষ চায় ভারতের সঙ্গে সম্পর্ক হোক বন্ধুত্বের, সমমর্যাদার ও সমতার ভিত্তিতে।’

দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ-বাণিজ্য বন্ধে সরকারের কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার প্রধান একই সঙ্গে দলীয় প্রধান। তিনি চাইলে দেশে চলমান চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারেন। তিনি চাইলে এসব বন্ধ হবে। তিনি চাচ্ছেন কি না, সেটিই বড় বিষয়।’

আগামী স্থানীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াতের নেতাকর্মীদের জনমানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভোটাধিকার নিশ্চিত করতে তাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। কেউ যেন ভোট ছিনিয়ে নিতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সোচ্চার থাকতে হবে।’

জামায়াতে ইসলামীর আদর্শিক অবস্থান তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, ‘মানুষের কাছে জামায়াতে ইসলামী একটি আদর্শিক সংগঠন হিসেবে আস্থা অর্জন করেছে। দীর্ঘদিন ধরে সংগঠনটি ইসলামের দাওয়াত, আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য কাজ করে যাচ্ছে।’

সম্মেলনে রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী এমপি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। এ ছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন। সম্মেলনে মহানগরীর সহস্রাধিক নারী-পুরুষ রোকন সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে একই স্থানে রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান।