ঢাকা, ২০ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান সংশোধন না হওয়ায় সংসদ সদস্যরা নিজ নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখনো সংবিধান সংশোধন হয়নি। সুতরাং আমাদের বিদ্যমান সংবিধানে যা আছে, সেই অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে।’

তিনি বলেন, প্রায় ৩৫ বছর পর সাংবিধানিক নিয়মে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে বিরোধী দলের পক্ষ থেকেও প্রার্থী রয়েছেন, সরকার দলের পক্ষ থেকেও প্রার্থী রয়েছেন। এর আগে বিভিন্ন সময়ে একাধিকবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক ধারায় প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচন হওয়াই উচিত। এই মুহূর্তটি সারা দেশের মানুষ প্রত্যক্ষ করবে। রাষ্ট্রপতি নির্বাচনের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, এর মাধ্যমে দেশের মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখতে পাবে। রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে গণতন্ত্রের নতুনভাবে সূচনা হবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।