ঢাকা, ১৭ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের রাজকীয় আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। আজ সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সৌদি আরবের আমন্ত্রণপত্র তুলে দেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন এ তথ্য জানিয়েছেন।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত। এ সময় তিনি সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দেশটি সফরের আমন্ত্রণ জানান।
তবে আমন্ত্রণপত্রে সফরের সম্ভাব্য সময়সূচি বা সফরসংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।