আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১৬ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): দেশে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালে দেশীয় মাছ বিলুপ্তির শঙ্কায় পালিত হলো জাতীয় মৎস্য পক্ষ-২০২৬।

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”- প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৬ আগস্ট/২০২৬,রবিবার সকাল ১০টায় রংপুরের পীরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে ছিল উৎসবের আমেজ। মৎস্য চাষি, উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে বের করা হয় বর্ণাঢ্য র‍্যালি। র‍্যালিটি যেন জলজ জীবনের প্রতি মানুষের ভালবাসা ও দেশীয় মাছ রক্ষার এক প্রতীকি অঙ্গীকার হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা শেষে উপজেলা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. কাওসার হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জের সংসদ সদস্য মাওলানা নুরুল আমীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল করিম,
উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ সফল মৎস্য চাষিরা।

বক্তারা বলেন, মাছ শুধু আমিষের চাহিদাই নয়, এটি দেশের অর্থনীতি ও গ্রামীণ জীবিকারও গুরুত্বপূর্ণ অংশ। তাই মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলাশয় ও দেশীয় মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্র রক্ষা করতে হবে।

তবে বক্তাদের কণ্ঠে ছিল উদ্বেগের সুরও। তারা বলেন, অবাধে কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালের ব্যবহার চলতে থাকলে একসময় দেশীয় মাছের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। এসব ক্ষতিকর ও অবৈধ জালের বিরুদ্ধে আরও কঠোর অভিযান পরিচালনার জন্য প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তারা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. কাওসার হোসেন বলেন, গত এক মাসে পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৭০০টি অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। অবৈধ জালের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সভা শেষে মৎস্য উৎপাদন ও চাষে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে উপজেলার পাঁচজন শ্রেষ্ঠ মৎস্য চাষির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

জলাশয়ে মাছের অবমুক্ত পোনা যেন আগামী দিনের রুপালি স্বপ্ন—আর সেই স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ানো অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধই গড়তে পারে পীরগঞ্জের জলজ জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রাখতে।