ঢাকা, ১৫ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে ঢাকার শেরে বাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৫ তলা বিশিষ্ট নতুন ভবনটির নিচের তিনটি তলা বেজমেন্ট হিসেবে রাখা হয়েছে। সেখানে পার্কিংয়ের পাশাপাশি বিভিন্ন সার্ভিস সেকশনের ব্যবস্থা রয়েছে। ওপরের ১২ তলায় রয়েছে রোগীদের ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিট।
নতুন ভবনে রয়েছে ৪০টি আইসিইউ বেড, ২০টি এইচডিইউ বেড, ২৪টি পোস্ট-অপারেটিভ বেড এবং ১১২টি কেবিন। পাশাপাশি ৬২টি ভেন্টিলেটরের সুবিধা রাখা হয়েছে।
হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখানে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রোকের রোগী। এরপর রয়েছে বিভিন্ন দুর্ঘটনায় মস্তিষ্ক ও মেরুদণ্ডে আঘাত পাওয়া রোগী। এ ছাড়া পার্কিনসন্স, ডিমেনশিয়া, গিলেন-বারে সিনড্রোম (জিবিএস), মৃগী, হাইড্রোকেফালাসসহ বিভিন্ন ধরনের নিউরোলজিক্যাল রোগের চিকিৎসা দেওয়া হয়। শিশু থেকে শুরু করে বয়স্ক—সব বয়সী রোগীর চিকিৎসাসেবা পাওয়া যায় এখানে।
নতুন ভবনে তিনটি বেজমেন্টসহ ১৫ তলা বিশিষ্ট নিনস ইউনিট-২ সম্পূর্ণ সেন্ট্রাল এসি ব্যবস্থার আওতায় রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, দেশের সরকারি চিকিৎসাকেন্দ্রগুলোর মধ্যে এ ধরনের ব্যবস্থা প্রথমবারের মতো যুক্ত হয়েছে।
এ ছাড়া সড়ক দুর্ঘটনা, উঁচু স্থান থেকে পড়ে যাওয়া কিংবা যানবাহন দুর্ঘটনায় আহত রোগীদের জন্য ১০০ শয্যার বিশেষায়িত ট্রমা ইউনিট স্থাপন করা হয়েছে। এখানে ২৪ ঘণ্টা অস্ত্রোপচার সুবিধা রয়েছে। চারটি অপারেশন থিয়েটারের মধ্যে দুটি মডুলার ওটি। জার্মান প্রযুক্তির এসব আধুনিক অপারেশন থিয়েটারে নিয়ন্ত্রিত ও জীবাণুমুক্ত পরিবেশে অস্ত্রোপচার করা হবে, ফলে রোগীদের সংক্রমণের ঝুঁকি কমবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রোগী স্থানান্তর সহজ করতে ভবনের এক থেকে তিনতলা পর্যন্ত স্কেলেটর স্থাপন করা হয়েছে। এটিও সরকারি হাসপাতালে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বলে জানানো হয়েছে।
নতুন ভবনে একটি ক্যাথল্যাব, দুটি এমআরআই ও দুটি সিটি স্ক্যান মেশিন স্থাপন করা হয়েছে। পাশাপাশি রয়েছে অত্যাধুনিক অটোক্লেভ মেশিন, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার জন্য সলিড ওয়েস্ট ডিসপোজাল সিস্টেম এবং পৃথক অক্সিজেন প্ল্যান্ট।
দেশে নিউরোলজিক্যাল রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণের লক্ষ্যে ২০০৬ সালের ২৩ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
নতুন ভবন চালুর ফলে দেশের নিউরোলজিক্যাল ও নিউরোসার্জারি রোগীদের চিকিৎসাসেবা ও জরুরি ব্যবস্থাপনার সক্ষমতা আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।