ঢাকা, ১৩ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত দলের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সকাল ৯টার দিকে শুরু হওয়া বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনসহ সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে দলের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে প্রার্থী বাছাইয়ে বিএনপির নীতিনির্ধারক পর্যায়ে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই প্রার্থী করার সিদ্ধান্ত নেয় দলটি।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ আগস্ট। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।