ঢাকা, ১০ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামীর বাংলাদেশ একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানে দেশে প্রথমবারের মতো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় তিনটি গ্রামের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
পাইলট কর্মসূচির আওতায় নির্বাচিত গ্রামগুলো হলো- দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিংগাছড়ি।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ের ফ্যাসিবাদী শাসনে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ দেশের সব ক্ষেত্র ধ্বংস করা হয়েছে। এখন এসব খাত পুনর্গঠনের পালা। সেই লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করছে।
তিনি বলেন, কোনো একটি মন্ত্রণালয় বা বিভাগের একার পক্ষে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। এ লক্ষ্য অর্জনে সরকারের বিভিন্ন সংস্থা, স্থানীয় প্রশাসন, জনগণসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের মাধ্যমে সমন্বিত উন্নয়নের একটি কার্যকর মডেল তৈরি করা হবে।