মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ০৯ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকার সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোসাঃ সুরাইয়া ইসলাম ওরফে ডায়না (২৬) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।
শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে সাভার মডেল থানাধীন কাঞ্চনপুর বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত সুরাইয়া ইসলাম ওরফে ডায়না কাঞ্চনপুর বেদেপল্লী এলাকার বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার করা ৪০ পিস ইয়াবার ওজন ৪ গ্রাম এবং আনুমানিক মূল্য ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।