দেবিদ্বার (কুমিল্লা), ০২ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রোববার (০২ আগস্ট) বিকেলে দেবিদ্বার উপজেলা পরিষদের পুরাতন ভবনের পরিদর্শন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে পুলিশি বাধা ও নেতাকর্মীদের গাড়ি ভাঙচুরের ঘটনা দুঃখজনক।
তিনি বলেন, আমরা মনে করেছিলাম; নির্বাচন পরবর্তী সময়ে বলপ্রয়োগের মাধ্যমে বিরোধী দলকে দমনের যে রাজনৈতিক সংস্কৃতি ছিল তার পরিবর্তন ঘটবে। তবে অপ্রত্যাশিতভাবে একটি নির্বাচিত সরকারও বিরোধী দলকে দমনে পূর্বের সেই বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই প্রত্যাশিত নয়।
হাসনাত আব্দুল্লাহ বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে। কিন্তু বিরোধী দলের কর্মসূচিতে এভাবে বাধা দেওয়া গ্রহণযোগ্য নয়। হবিগঞ্জে আমাদের কর্মসূচিতে পুলিশ দিয়ে বাধা দেওয়া হয়েছে। একইসঙ্গে একাধিকবার আমাদের নেতাকর্মীদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনা অপ্রত্যাশিত এবং রাজনৈতিকভাবে বিএনপির জন্য নেতিবাচক হিসেবে বিবেচিত হবে।
দেবিদ্বার পৌর এলাকার সিএনজি স্ট্যান্ড ইজারা প্রসঙ্গে তিনি বলেন, পৌরসভার উন্নয়ন কার্যক্রম সচল রাখতে সিএনজি ও অটোরিকশা থেকে পৌর কর আদায় করতে হবে। তবে এখতিয়ারের বাইরে কোনো ধরনের অর্থ আদায় করা যাবে না। জিবি বা চাঁদার নামে কোনো চাঁদাবাজি বরদাশত করা হবে না। প্রশাসনের অনুমোদন এবং নির্ধারিত কর হার ছাড়া কোনো ব্যক্তি বা গোষ্ঠী কোনো স্থান থেকে অর্থ আদায় করতে পারবে না।