ঢাকা, ২৯ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): শিল্পখাতে চলমান গ্যাস সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান শওকত আজিজ রাসেল।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণেই শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সরকারের উদ্যোগে দ্রুত এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।
তিনি জানান, প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের বর্তমান পরিস্থিতি গভীরভাবে বোঝার চেষ্টা করছেন। খাতটির সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতা দেখে উদ্যোক্তারা উৎসাহিত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
বিটিএমএ সভাপতি আরও জানান, পুরোপুরি বন্ধ কিংবা আংশিকভাবে উৎপাদন ব্যাহত হওয়া কারখানাগুলোর কোথায়, কী ধরনের এবং কতটুকু সহযোগিতা প্রয়োজন—তা নির্ধারণের জন্য উদ্যোক্তাদের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে সরকার।
উদ্যোক্তাদের প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে গ্যাস সংকট কাটিয়ে শিল্প উৎপাদন স্বাভাবিক হবে এবং অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে।