মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ২৭ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকিতে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামের এক শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে শ্রীরামপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা শিশু শিক্ষার্থী মোস্তাকিমকে মাদ্রাসায় একা পেয়ে অভিযুক্ত শিক্ষক ইব্রাহীম একটি কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে। পরে বিষয়টি কাউকে না বলার জন্য শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে নগদ ৫ টাকা দেয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে দুমকি থানা পুলিশের কাছে সোপর্দ করে।
এদিকে অভিযুক্ত শিক্ষক ইব্রাহীম অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি ষড়যন্ত্রের শিকার এবং মিথ্যা অপবাদ দিয়ে তাকে ফাঁসানো হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।