মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ২৬ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। এরপর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এর মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন তিনি। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। বিউগলে করুণ সুর বাজানো হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্মৃতিসৌধের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
এটি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় কর্মসূচি।