ঢাকা, ২৫ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। তবে তিনি বসবাস করবেন জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে স্পিকারের সরকারি বাসভবনেই। আজ শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হাফিজ উদ্দিন আহমদ এ তথ্য জানান।

এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নিরাপত্তার অংশ হিসেবে সংসদ প্রাঙ্গণে স্পিকারের সরকারি বাসভবন ও এর আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। শুক্রবার বিকাল থেকেই এ নিরাপত্তাব্যবস্থা কার্যকর করা হয়।

গত শুক্রবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগামীকালের কর্মসূচি সম্পর্কে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রবিবার সকাল ১১টায় হাফিজ উদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন।

এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।